শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

আনোয়ারায় কুয়েত প্রবাসীকে কুপিয়ে পা বিচ্ছিন্নের চেষ্টা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২০৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদেশি ভিসা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক কুয়েত প্রবাসীকে কুপিয়ে পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। আহত ওই প্রবাসীর নাম শাহ আলম (৪০)।

বুধবার (১৩ আগস্ট) সকালে  ২নং বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় শারিকা ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।এসময় তারা ভুক্তভোগীর একটি স্মার্টফোনও ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

পরে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ওই ভুক্তভোগীর ভাই নুরুল আলম দুই জনকে আসামী করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, একই এলাকার  রাকিব (২০)  ও তার বাবা লোকমান (৫০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুয়েত প্রবাসী শাহ আলমের সঙ্গে অভিযুক্তদের বিদেশি ভিসা সংক্রান্ত আর্থিক লেনদেন ছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মনোমালিন্য দেখা দিলে স্থানীয় সেনা ক্যাম্পে বৈঠকের মাধ্যমে সমাধান হয়। এরপরও রাকিব ও লোকমান ক্ষোভ প্রকাশ ও হুমকি দিতে থাকে।ঘটনার দিন সকালে শাহ আলম নিজের জমির নতুন নির্মিত বাউন্ডারি ওয়ালে পানি দেওয়ার পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে রাকিব ও লোকমান লোহার রড ও ধারালো দা নিয়ে তার গতিরোধ করে স্মার্টফোন চাইলে, শাহ আলম অস্বীকৃতি জানান। এসময় রাকিব লোহার রড দিয়ে তার পিঠে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই লোকমান তার ব্যবহৃত স্যামসাং স্মার্টফোন (মূল্য প্রায় ৫০ হাজার টাকা) নিয়ে নেয়।পরে তারা শাহ আলমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে এবং ধারালো দা দিয়ে ডান পায়ের গোড়ালিতে একাধিক কোপ মেরে গুরুতর জখম করে।

পরে চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত শাহ আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগে ভর্তি করান। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

মামলার বাদী নুরুল আলম বলেন, আসামীরা আমার ভাইকে হত্যার জন্য পরিকল্পিত হামলা করে। এই ঘটনায় আমরা থানায় মামলা করেছি।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, এক প্রবাসীকে কুপিয়ে পা অর্ধ বিচ্ছিন্নের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর