শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

রাউজান বিএনপির স্মারকলিপি: মিথ্যা মামলা প্রত্যাহার ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৭৪

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং হয়রানিমূলক মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা বিএনপি।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) সকালে রাউজান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ চট্টগ্রাম পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে এই স্মারকলিপি দেন। এতে তারা অভিযোগ করেন, গত ২৯ জুলাই গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরে নিরীহ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মোটর শোভাযাত্রা ও পথসভা চলাকালে রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড ও মিরসরাই থেকে সশস্ত্র ক্যাডার বাহিনী এনে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়। পরে ৯ আগস্ট রাউজান থানায় দায়ের করা মামলায় ১২৯ জনকে আসামি করা হলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাত্র ৫০-৬০ জন, যা নিজেই স্বীকার করেছেন মামলার বাদী।

বক্তারা অভিযোগ করেন, এই মিথ্যা মামলায় সাধারণ মানুষকে আসামি করে রাউজানের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এ ধরনের মামলা শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে এবং গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে। তারা দাবি করেন, রাষ্ট্রীয় পর্যায়ে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে মিথ্যা মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রবণতা আরও বৃদ্ধি পাবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, বিএনপি নেতা আবু হানিফ চম্পা, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক, বিএনপি নেতা কাজী আবুল বশর চেয়ারম্যান, রমিজ উদ্দিন চৌধুরীসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং শতাধিক সাধারণ মানুষ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পুলিশ সুপারের কার্যকর পদক্ষেপে রাউজানের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর