
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সাহাবা হজ্ব এন্ড ট্রাভেল এজেন্সির মালিক জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার কাঞ্চনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, জাহেদুল ইসলাম ‘সাহাবা হজ্ব এন্ড ট্রাভেল এজেন্সি’র আড়ালে হজ্বযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। নগদ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ গ্রহণের পর হজ্বের দিন-তারিখ জানতে চাইলে তিনি মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন। ভুক্তভোগীদের মধ্যে আলহাজ্ব আবুল কালাম, জয়নাল আবেদিন রিয়াজসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন।
র্যাব-৭ জানায়, দীর্ঘদিন ধরে জাহেদুল ইসলাম প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। একটি চেক প্রতারণা (এনআই অ্যাক্ট) মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করে। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, র্যাবের হাতে গ্রেপ্তারের পর রাতে জাহেদুল ইসলামকে থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সচেতন মহল এবং একাধিক ট্রাভেল এজেন্সির কর্তৃপক্ষ এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, জাহেদুলের মতো প্রতারকদের কারণে সৎ ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং হজযাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই গ্রেপ্তারের ফলে ভবিষ্যতে হজযাত্রীদের হয়রানি অনেকাংশে কমে আসবে।