কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৪২ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া বাইন্নাপাড়া মেরিন ড্রাইভ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইক থেকে প্রায় ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ৪২ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহন ও পাচারে ব্যবহৃত ইজিবাইক, দুটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জব্দকৃত মাদক, ইজিবাইক ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, টেকনাফসহ উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের চোরাচালান ও বিস্তার ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।