চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পেশাগত দায়িত্ব পালনকালে ‘আমাদের সময়’-এর ক্যাম্পাস প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক ও সাধারণ সম্পাদক সোহেল রানা।
বিবৃতিতে গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে এক জুনিয়র শিক্ষার্থীকে ডেকে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে মিসবাহ উদ্দিন স্বাধীনকে বাধা দেন এক শিক্ষার্থী। পরে তাঁর সাংবাদিক পরিচয় নিশ্চিত করতে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতিকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। সভাপতি স্বাধীনকে সাংবাদিক ও সমিতির কার্যকরী সদস্য হিসেবে পরিচয় নিশ্চিত করার পরও কয়েকজন শিক্ষার্থী তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে চবিসাস নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পরও একজন সংবাদকর্মীর ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য অশনিসংকেত। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং তাঁদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে সংকুচিত করে।
নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকেরা শিক্ষার্থীদের অধিকার, অনিয়ম-অসংগতি ও সামগ্রিক পরিস্থিতি তুলে ধরতে পেশাগত দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালনের সময় তাঁদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা শুধু সাংবাদিকদের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সত্য প্রকাশের পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।