শেষ প্রান্ত তেঁতুলিয়া থেকে দক্ষিণের সীমানা টেকনাফ। প্রায় দেড় হাজার কিলোমিটারের এই দীর্ঘ পথ সাইকেলে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ। তবে তাঁদের এই যাত্রা নিছক কোনো ভ্রমণ নয়। প্রতিটি প্যাডেলের সঙ্গে মিশে আছে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা আর প্রান্তিক মানুষের টিকে থাকার গল্প খুঁজে বের করার এক অনন্য চেষ্টা।
এই ব্যতিক্রমী উদ্যোগের নাম ‘পেডাল দ্য ডেল্টা: দ্য সাসটেইনেবল মাইলস প্রজেক্ট’। এটি মূলত একটি ক্রস-কান্ট্রি সাইক্লিং ও গবেষণাভিত্তিক যাত্রা। এর মূল উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী তৌসিফ নূর ওয়াজিহ জয়। তাঁর এই দীর্ঘ পথের সহযাত্রী একই বিভাগের আরেক শিক্ষার্থী ও সাইক্লিস্ট আবির আল হাসনাঈন।
বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। প্রতিবছর ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন কিংবা খরার মতো দুর্যোগ মোকাবিলা করেই টিকে থাকতে হচ্ছে দেশের প্রান্তিক মানুষকে। তৌসিফ ও আবিরের লক্ষ্য, সাইকেলে চলার পথে বিভিন্ন জেলার মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখা। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে স্থানীয় মানুষ কীভাবে নিজেদের মানিয়ে নিচ্ছেন, তা তাঁরা সরাসরি পর্যবেক্ষণ করবেন।
মাঠপর্যায়ের তথ্য এবং স্থানীয় মানুষের নিজস্ব অভিজ্ঞতার সমন্বয়ে তাঁরা একটি গবেষণা প্রতিবেদনও তৈরি করবেন। উদ্যোগটির আয়োজক তৌসিফ নূর ওয়াজিহ জয় বলেন, ‘আমাদের মূল লক্ষ্য শুধু দীর্ঘ পথ পাড়ি দেওয়া নয়, বরং দুর্যোগের সঙ্গে স্থানীয় মানুষ কীভাবে খাপ খাইয়ে নিচ্ছেন, তা জানা। টেকসই ভবিষ্যৎ গড়তে তরুণদের সক্রিয় অংশগ্রহণ খুব জরুরি। এই যাত্রার মাধ্যমে আমরা দেশের মানুষ, প্রকৃতি ও জলবায়ুর গল্প সবার সামনে তুলে ধরতে চাই।’
পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেলের প্রচার এবং কার্বন নিঃসরণ কমানোর বার্তাও ছড়িয়ে দেবেন এই দুই তরুণ। অভিযানের সহযোগী আবির আল হাসনাঈন বলেন, ‘এটি শুধু একটি সাইকেল ভ্রমণ নয়। বিভিন্ন জেলার মানুষের জীবনযাত্রা, দুর্যোগ মোকাবিলার স্থানীয় কৌশল এবং কার্বন কমিয়ে টেকসই উন্নয়নের বার্তা সবার সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।’
বর্তমান সময়ে তরুণদের একটি অংশ যখন মাদক, কিশোর গ্যাং কিংবা নানা অপরাধে জড়িয়ে পড়ছে, তখন এই দুই শিক্ষার্থীর উদ্যোগকে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখছেন শিক্ষকেরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ বলেন, ‘উদ্যোগটি তরুণ প্রজন্মের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিপরীতে তরুণদের সুস্থ মননের পথ দেখাতে পারে এমন উদ্যোগ। দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ অঞ্চলের মানুষের নিজস্ব অভিজ্ঞতা ও টিকে থাকার কৌশল লিপিবদ্ধ করা গেলে, তা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ জ্ঞানভাণ্ডার হিসেবে কাজে লাগবে।’
প্যাডেলের প্রতিটি ঘূর্ণিতে পরিবেশ রক্ষার সচেতনতা আর প্রান্তিক মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে ছুটছেন তৌসিফ ও আবির। তাঁদের এই যাত্রা দেশের তরুণ প্রজন্মের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, তরুণদের এই ভালো কাজে সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে অ্যামা কফি (AMA COFFEE), ইপসা (YPSA) এবং ট্রাভেল প্রো (TRAVEL Pro)।