চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনে চাকসু নির্বাচনের পঞ্চম ক্যাবিনেট ‘জসিম-গাফফার’ পরিষদ বাদ পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৩ নভেম্বর (সোমবার) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি জানান, তদন্ত কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, তিন সদস্যের তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর৷ কমিটিতে সদস্য হিসেবে আছেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এএম মাসুদুল আজাদ চৌধুরী এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মেজবাউল হক।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “বিষয়টি নিয়ে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, ১৯৮১ সালের ৫ম চাকসু নির্বাচনে অধিকাংশ পদে বিজয়ী হয়েছিল ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এতে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হন জসিম উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক হন আবদুল গাফফার।
হীরকজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনে এ পরিষদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের পক্ষ থেকে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে এর প্রতিবাদে বিবৃতি প্রদান ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে, হীরকজয়ন্তী অনুষ্ঠানে বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।