শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন নাজমুল মোস্তফা আমিন

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
  • সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল মোস্তফা আমিন বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা বহুগুণে বেড়েছে। সেই ভালোবাসার ঢেউ থেকে চট্টগ্রাম-১৫ আসনের জনগণও বিচ্ছিন্ন নয়।”

তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে আশাবাদী, আগামী ১২ ফেব্রুয়ারি সর্বস্তরের মানুষ উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রফিকুল আলম ও শেফায়ত উল্লাহ চক্ষু, পাশাপাশি লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা ও আগ্রহ তুঙ্গে উঠেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর