
চট্টগ্রামের সাতকানিয়ায় দিনে-দুপুরে কৃষিজমির মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে। পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।
গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুহুরিপাড়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট এলাকায় কৃষিজমির মাটি কর্তনের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেলেও ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে আটক করা সম্ভব হয়নি। প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায় এবং একটি এসকেভেটর ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা এসকেভেটরটি অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এটি আর কোনো অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করা না যায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, কৃষিজমির মাটি কর্তন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান আগামীতেও নিয়মিত ও কঠোরভাবে পরিচালিত হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।