সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথে দেশ

জাহাঙ্গীর আলম
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ১৯৭টি আসনে জয় পেয়েছেন। এতে করে দলটির নেতৃত্বে সরকার গঠনের পথ কার্যত নিশ্চিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, প্রধান প্রতিদ্বন্দ্বী জোটগুলোর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৫৮টি আসন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৪টি আসনে। বাকি আসনগুলোর ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, নতুন সরকারের নেতৃত্বে আসতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চূড়ান্ত ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ সময় ধরে দেশের সরকার পরিচালিত হয়েছে নারী নেতৃত্বে। এর মধ্যে খালেদা জিয়া ও শেখ হাসিনা পর্যায়ক্রমে সরকারপ্রধানের দায়িত্বে ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনের ফলাফল দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ সময় পর ক্ষমতার পালাবদল এবং সম্ভাব্য পুরুষ নেতৃত্বের প্রত্যাবর্তন—উভয় বিষয়ই জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তারা।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর