
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া সিএনজিচালিত তিন চাকার যানবাহনের কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সাতকানিয়ার পদুয়া সিকদার দিঘীরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী একটি মহিষ বোঝাই ট্রাক ওই সময়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম অভিমুখী একটি সিএনজি মহাসড়কের ভেতরের রাস্তা থেকে সরাসরি উঠে পড়ে, দেখেশুনে ওঠেনি। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সিএনজির সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং তিন আরোহীই ট্রাকের নিচে চাপা পড়ে।
ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
নিহতরা হলেন: মো. মামুন (৩১), হুমায়ূন (৩৬), (সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের বাহাদির পাড়ার সিদ্দিক আহমদের পুত্র), মনির হোসেন (৪৬), (তাদের মামা), করাইয়ানগর আকবর পাড়ার আব্দুল সাত্তারের পুত্র।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানান, “বাইক অনেক গতিতে আসছিল, কিন্তু সিএনজিচালক মহাসড়কে উঠার সময় আশেপাশে কিছু না দেখেই উঠেন। দুই পক্ষেরই দায়িত্বজ্ঞানহীনতা থেকেই দুর্ঘটনাটি ঘটে।”
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, “ঘটনার পরপরই আমরা ট্রাক ও মোটরসাইকেল জব্দ করি এবং মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে পরিবারে হস্তান্তর করেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতির সিএনজি ও তিন চাকার যানবাহন দিন দিন দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।