চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সরদারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ।
এসময় রেড ক্রিসেন্টের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসিফ চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, রায়হানুল আনোয়ার রাহী, জিয়াউল হক জিয়া, সাইফুদ্দিন আহমেদ, আ ক ম মোজাম্মেল হক, মনজুরুল আলম তালুকদার, জয়নাল আবেদীনসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তারা সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ মানবিক সহায়তার জন্য চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।