চট্টগ্রামের চন্দনাইশে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে একাধিক সরকারি কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, মরিচের বীজ, সার, নারিকেল ও লেবুর চারা, ঔষধি গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়।
একই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলার বিভিন্ন সড়কে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, রোগীকল্যাণ সমিতিতে ওষুধ এবং কিশোর-কিশোরী ক্লাবের জন্য বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো কৃষক, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষা-সংস্কৃতির বিকাশে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।