শিরোনাম
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী গ্রেফতার সার্বভৌমত্ব রক্ষার শপথে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলেন ৬১ নবীন কর্মকর্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের উন্নয়নে সিডিএতে একত্রিত সাংসদরা, ভূমি অধিগ্রহণে তিনগুণ ক্ষতিপূরণ বিধান সংশোধনের দাবি সাতকানিয়ায় কার্ড মিটারে বিদ্যুৎ বিল পরিশোধে ভোগান্তি, এনালগ মিটার চান গ্রাহকেরা চন্দনাইশে কৃষি প্রণোদনা ও উন্নয়নমূলক একাধিক কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জসীম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের উন্নয়নে সিডিএতে একত্রিত সাংসদরা, ভূমি অধিগ্রহণে তিনগুণ ক্ষতিপূরণ বিধান সংশোধনের দাবি

বার্তা টুডে ডেস্ক / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

চট্টগ্রামের সমন্বিত ও পরিকল্পিত উন্নয়নকে এগিয়ে নিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে বিভিন্ন আসনের সংসদ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান উন্নয়ন প্রকল্প, মাস্টারপ্ল্যান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ভূমি অধিগ্রহণে তিনগুণ ক্ষতিপূরণ প্রদানের বর্তমান বিধান সংশোধনের দাবিও উঠে আসে

শনিবার (২০ জুন) বিকেল ৪টায় সিডিএ সম্মেলন কক্ষে নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা অংশ নেন।

সভার শুরুতে সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্প ও মাস্টারপ্ল্যানের ওপর একটি বিশেষ উপস্থাপনা করেন। তিনি নগর উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় গৃহীত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

এরপর সিডিএর নির্বাহী প্রকৌশলী মো. শামিম “সম্ভাবনার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম” শীর্ষক প্রেজেন্টেশনে সম্ভাবনাময় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের সুযোগ নিয়ে আলোকপাত করেন।

মতবিনিময় পর্বে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এ ধরনের সমন্বয়মূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বিত পরিকল্পনার ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সাময়িক সংস্কারের পরিবর্তে সিডিএর পরিকল্পনাধীন ৯০ ফুট প্রশস্ত সড়ক প্রকল্প বাস্তবায়ন করে তা চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করলে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ভূমি অধিগ্রহণে তিনগুণ ক্ষতিপূরণ প্রদানের বর্তমান বিধান পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, এ বিধান বহাল থাকলে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হয়ে পড়বে। সভায় উপস্থিত আরও কয়েকজন সংসদ সদস্য তার এ বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় জনপ্রতিনিধিরা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে সিডিএর সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, পরিকল্পিত ও টেকসই চট্টগ্রাম গড়ে তুলতে জনপ্রতিনিধিদের মতামত, অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন এবং অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের সংস্কারকাজের গুণগত মান নিশ্চিত করতে বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, “চট্টগ্রামকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব সিডিএর। তাই সিডিএর নিজস্ব অফিস পরিবেশও হতে হবে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক।”

সভা শেষে উপস্থিত সকল সংসদ সদস্যকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি চট্টগ্রামের উন্নয়নে সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ