চট্টগ্রামের সাতকানিয়ার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটকে আরও নিরাপদ ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ সিসিটিভি নজরদারি কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী এমপি বলেন, কেরানীহাটকে নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে জননিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. নুরুল হক, সেক্রেটারি তারেক হোসাইন, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমির শাহ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি পরিচালিত হবে। এতে চুরি, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ব্যবস্থা গ্রহণ সহজ হবে।
স্থানীয়রা জানান, বান্দরবান জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কেরানীহাট একটি গুরুত্বপূর্ণ ত্রিমুখী সড়কসংযোগ কেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। এছাড়া এলাকায় রয়েছে একাধিক শপিং মল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। মানুষের ব্যাপক উপস্থিতির কারণে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা ঘটছে।
তাদের প্রত্যাশা, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধের প্রবণতা কমবে, অপরাধীদের শনাক্ত করা সহজ হবে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।