প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিযোগিতা সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আজকে আপনাদের মাঝে এসেছি এই ঘোষণা দিতে এবং আপনাদের সহযোগিতা চাইতে। প্রথমেই প্রেস ক্লাব থেকে আমাদের যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, সেজন্য প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সাংবাদিককে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিবাদন ও ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা ও নির্দেশনায় আন্তঃকলেজ পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ’ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম স্টেডিয়াম থেকে আনন্দঘন পরিবেশে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের মতো উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য এ আয়োজন করা হবে। দেশের তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং তাদের ক্রীড়ার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, প্রতিযোগিতাটি সফল করতে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি বিভাগীয় প্রশাসন, পুলিশ বিভাগ, শিক্ষা বোর্ড, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে নিয়ে কাজ করা হবে।
দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রীড়াঙ্গনের অবস্থান আরও সুদৃঢ় করাই এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সহ-সভাপতি ডেইজি মওদুদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমদ শাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।