চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে গেছে কক্সবাজারগামী একটি শিক্ষা সফরের বাস। এতে এক মাদরাসা শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
জানা যায়, ওই মাদরাসার শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী দুটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। এর মধ্যে একটি বাস সামনে এবং অপরটি পেছনে ছিল। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী পেছনের বাসটিতে ৫৮ জন যাত্রী ছিলেন বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে তিশা পরিবহনের বাসটি মহাসড়কের পশ্চিম পাশের একটি ডোবায় পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর আহতদের মধ্যে বাস চালককে সনাক্ত করা যায়নি, বাসচালক পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতে ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।