জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’ সিজন-১-এ অংশ নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রশিক্ষণের সুযোগ অর্জন করায় বাঁশখালী ক্রিকেট একাডেমির কৃতি শিক্ষার্থী ইমরান হোসেন তানভীরকে সংবর্ধনা দিয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃতি এই ক্রিকেটারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় তার সাফল্যে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যৎ ক্রীড়া জীবনে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার মধ্যেও তানভীরের বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ অর্জন বাঁশখালীর ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার এই সাফল্য স্থানীয় পর্যায়ের অন্যান্য তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত হতে এবং নিজেদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তানভীর ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাবেক বাঁশখালী পৌরসভার মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ এরশাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা গেছে, ইমরান হোসেন তানভীর বাঁশখালী ক্রিকেট একাডেমির একজন কৃতি শিক্ষার্থী। জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’ সিজন-১-এ অংশগ্রহণ করে চট্টগ্রাম জেলা থেকে বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন তিনি। তার এই অর্জনে বাঁশখালী ক্রিকেট একাডেমি, পরিবার ও স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।
বাঁশখালী ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ এরশাদ বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তানভীরের এই অর্জন বাঁশখালীর ক্রিকেটের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো করবে—এটাই সবার প্রত্যাশা।