শিরোনাম
আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে চাকসুর ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন চাকসুর “আজাদীর ইতিবৃত্ত” বইয়ের মোড়ক উন্মোচন সাতকানিয়ায় মামলার পুনঃতদন্ত দাবি, সিসিটিভি দেখে অপরাধী শনাক্তের আহ্বান স্বজনদের সন্দ্বীপে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রতিকার চেয়ে তালুকদার পরিবারের সংবাদ সম্মেলন লোহাগাড়ায় ১ দিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশে একদিনে ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি সফল করতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ; নতুন ভর্তি বন্ধ অনানুষ্ঠানিক অর্থনীতিকে আনুষ্ঠানিক কাঠামোয় আনতে সমন্বিত উদ্যোগ জরুরি শাহ আমানত বিমানবন্দরে ১.৪৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক, রাজস্ব নির্ধারণ ২.৮৪ কোটি টাকা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সন্দ্বীপে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রতিকার চেয়ে তালুকদার পরিবারের সংবাদ সম্মেলন

বার্তা টুডে ডেস্ক / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, চাঁদাবাজি, ব্যবসায়ীদের মারধর ও বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের সদস্যসচিব জাকারিয়া তসলিম ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রতিকার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় তালুকদার পরিবার। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সম্প্রতি আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জ্যেষ্ঠ সদস্য মাস্টার জাফরুল হক তালুকদার। তিনি জানান, মুছাপুর ইউনিয়নের বিএস ৫০৭০৪, ৫০২০৫, ৫০৭১৫, ৫০৭১৬, ৫০৭১৭, ৫০৭১৮ ও ৫০৭৩৩ দাগের জমি দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মালিকানা ও দখলে রয়েছে। পরিবারের দাবি, বসতভিটার পশ্চিম পাশে পূর্বপুরুষদের তৈরি সোলায়মান সড়ক এবং উত্তর পাশে আরেকটি বড় রাস্তা রয়েছে। এরপরও বসতভিটার মাঝখান দিয়ে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

পরিবারের অভিযোগ, এ বিষয়ে প্রতিবাদ করায় গিয়াস উদ্দিন তালুকদারকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা হয়েছে, তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তালুকদার বাড়িতে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাস্তা নির্মাণে একজন ব্যক্তি বাধা দিচ্ছেন বলে প্রচার করা হলেও পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। পৈতৃক সম্পত্তি রক্ষায় পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় সাহাব উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়। এতে তাঁর হাত, মাথা, বুক ও পায়ে গুরুতর জখম হয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এ হামলার জন্য জাকারিয়া তসলিম ও তাঁর অনুসারীদের দায়ী করা হয়েছে।

এ ছাড়া সন্দ্বীপের বাংলাবাজার ও গাছতলী ঘাট এলাকায় এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক সাত থেকে আট লাখ টাকার মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর ঠাকুর ও যুবদলের আহ্বায়ক নিঝুম খানের মধ্যস্থতায় জরিমানা দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছিল বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। ধোপারহাট মাছবাজারের কয়েকজন ব্যবসায়ীকে মারধর, অতিরিক্ত অর্থ দাবি এবং ব্যবসা পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়। দধি বিক্রেতা সাখাওয়াতকে তুলে নিয়ে মারধর, মাংস ব্যবসায়ী সোলেমানকে ব্যবসা করতে বাধা এবং এক সেলুন ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। প্রচলিত টোলের বাইরে অর্থ না দিলে ব্যবসায়ীদের বাজার থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এ ছাড়া মুছাপুর ইউনিয়নের কাজী আব্দুর রহমান আনসারীর পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাঁর বাড়িতে হামলা, তাঁর ভাই রুবেলকে আঘাত এবং চাঁদা দাবির অভিযোগ করা হয়। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে হাবিব মেম্বারসহ কয়েকজন ভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আইনগত দিক তুলে ধরে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হেলাল মুজিবের বক্তব্য উল্লেখ করা হয়। তাঁর মতে, সংবিধানের ৪২ অনুচ্ছেদ অনুযায়ী আইনসাপেক্ষে সম্পত্তি অর্জন, ধারণ ও হস্তান্তরের অধিকার রয়েছে নাগরিকদের। কারও ব্যক্তিগত সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা আইনগত প্রশ্নের জন্ম দিতে পারে। জনস্বার্থে ব্যক্তিগত জমি প্রয়োজন হলে প্রযোজ্য আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, অভিযোগের প্রকৃতি ও প্রমাণের ভিত্তিতে মারধর, গুরুতর জখম, অবৈধভাবে সম্পত্তিতে প্রবেশ এবং জোরপূর্বক অর্থ আদায়ের ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বিএনএন ব্রেকিং নিউজকে বলেন, কোনো অপরাধের শিকার ব্যক্তি বা পরিবার থানায় এসে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ শিথিলতা দেখাবে না বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত জাকারিয়া তসলিম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ধোপারহাট, গাছতলী ঘাট ও কেরানী মার্কেট এলাকায় অবৈধভাবে অতিরিক্ত টোল বা চাঁদা আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের আহ্বান জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ