চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থী ও বৃত্তি পরীক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আ.ন.ম নোমান। তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সু-শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে অভিভাবকরাও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মাদরাসা গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য কাজি মো. জসিম উদ্দিন। এ সময় ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আবদুল কাদের, প্রবীণ শিক্ষক সরওয়ার কামাল আজিজি, আবদুল্লাহ আল রশিদ, মোজাহেরুল হক, গভর্নিং বডির সদস্য আহমদ কবিরসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।