চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ আলেম, অলিকুল শিরোমণি হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী (রহ.) প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৪র্থ দিবসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) চুনতীর শাহ্ মঞ্জিল সীরাত ময়দানে দিনব্যাপী এ অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুরুল আলম ও আলহাজ্ব মাওলানা আহমদ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান আলোচ্য বিষয় ছিল পবিত্র কোরআনের নির্দেশনা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে একজন মুমিনের জীবন গঠন।
চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় অধিবেশনে আলোচনা করেন মাওলানা আবদুল জব্বার মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক কাজী মাওলানা বদরুদ্দিন সাদী, দরবেশহাট মাওলার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী আনসারী, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী, মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ-এর পরিচালক আলহাজ্ব মাওলানা মোস্তফা নুরী এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা আবুল কালাম।
আলোচকরা বলেন, পবিত্র কোরআনের নির্দেশনা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন গড়াই একজন মুমিনের প্রধান দায়িত্ব। শুধু মুখে ঈমানের দাবি করলেই একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারে না। তার চরিত্র, আমল, আচার-আচরণ ও দৈনন্দিন জীবনযাপনে ঈমানের প্রতিফলন ঘটাতে হবে।
তারা বলেন, পবিত্র আল-কোরআন মানুষকে সৎ, ন্যায়পরায়ণ ও সুন্দর জীবনযাপনের শিক্ষা দিয়েছে। আল্লাহর স্মরণে অন্তর নরম হওয়া, নিয়মিত নামাজ কায়েম করা, সত্যবাদিতা অবলম্বন, আমানত রক্ষা, ওয়াদা পূরণ, ধৈর্য ধারণ, অন্যকে ক্ষমা করা এবং মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখা মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এসব গুণ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলেই একজন মানুষ প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে পারে।
বক্তারা আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ছিল পবিত্র কোরআনের বাস্তব প্রতিচ্ছবি। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় মানবজাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.) যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করলে ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রেই শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
তারা বর্তমান প্রজন্মকে কোরআন-সুন্নাহর শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞানকে জীবনে বাস্তবায়ন করাও জরুরি। তরুণ প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অধিবেশনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শাহে আলম এবং বনফুল প্রাইভেট লিমিটেডের পরিচালক আলহাজ্ব আব্দুশ শুকুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, এইচ. এম. মাহাবুবুল হক, আনজুমান-ই-তোলাবায়ে সাবেকীন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা ওলিউদ্দিন মোহাম্মদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলেম-ওলামা, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ সাইফুল ইসলাম ও শাহরিয়ার ফাহিম। পরে না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন আ. ফ. ম. মছিবাহ, মুহাম্মদ ফখরুদ্দিন রাজি ও মুহাম্মদ আনিসুর রহমান।
১৯ দিনব্যাপী এ ঐতিহ্যবাহী মাহফিলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থীদের সমাগম ঘটছে। মাহফিলকে ঘিরে চুনতীজুড়ে উৎসবমুখর ও ধর্মীয় আবহ বিরাজ করছে। বিভিন্ন অধিবেশনে কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ এবং নৈতিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।