রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

“নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে”— চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বক্তারা

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা নার্গিস আক্তারের সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা জীবনের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভালো ফলাফল নয়, একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য।”

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব কপিল উদ্দীন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য অধ্যবসায় ও নৈতিকতার উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিব্বাড়ী এম এ মোতালেব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সোয়াইব, বিশিষ্ট চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সালাহ উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সময়ের সদ্ব্যবহার এবং শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মোট ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ১৮ জন ছেলে এবং ৪৪ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, স্কুল জীবন মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়। অনেক শিক্ষার্থী হয়তো বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলাকে বাঁধা মনে করে, কিন্তু ভবিষ্যতে এই সময়টিই সবচেয়ে বেশি মনে পড়বে। তাই এই সময়ের স্মৃতিকে মূল্যায়ন করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

শেষপর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর