চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিতু চৌধুরী।
আলোচনায় অংশ নেন একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, প্রধান শিক্ষক আবুল বশর, টিকলু দাশ, মাওলানা মাহমুদুল হক, মাওলানা মোজাহেরুল কাদের, আশীষ আশ্চার্য্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা।
বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শুধু পুরস্কার প্রদানের আয়োজন নয়, বরং শিক্ষা ক্ষেত্রে সৃজনশীলতা, মেধা, নেতৃত্ব ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থী ও শিক্ষকদের উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং নতুন প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
পরে উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।