চট্টগ্রামের চন্দনাইশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষিখাত পুনরুদ্ধারে কৃষক পর্যায়ে চারা উৎপাদন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার রায়জোয়ারা এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চন্দনাইশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বন্যার কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা দ্রুত কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে। কৃষকদের হাতে উন্নতমানের চারা পৌঁছে দিয়ে উৎপাদন বাড়ানো এবং কৃষিকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল রহিম, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপ-পরিচালক আপ্রু মারমা, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রঘুনাথ নাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইসতিয়াক মো. আরিফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপায়ন চৌধুরী, সৈকত বড়ুয়াসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কৃষক পর্যায়ে উন্নতমানের চারা উৎপাদন ও দ্রুত বিতরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে চন্দনাইশসহ আশপাশের এলাকার কৃষি উৎপাদন পুনরুদ্ধার হবে এবং কৃষকদের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।