চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের গিরিশ চৌধুরী বাজারস্থ রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় পবিত্র কুরআন মাজিদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মাওলানা ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং হাফেজ মুহাম্মদ সুলাইমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের কুরআন মাজিদের সবক প্রদান করেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার হিফজ বিভাগের সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আবছার।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শিক্ষক হাফেজ মাওলানা আজিজুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পটিয়া জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহীম।
অনুষ্ঠানে জানানো হয়, মাত্র তিন মাসে নূরানী কায়দা এবং চার মাসে আমপারা সম্পন্ন করে তিনজন শিক্ষার্থী পবিত্র কুরআন মাজিদের সবক গ্রহণের সৌভাগ্য অর্জন করেছে।
বক্তারা বলেন, কুরআনের শিক্ষা শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কুরআনের আদর্শ অনুসরণ করে জীবন গঠন করাই একজন মুসলমানের প্রকৃত দায়িত্ব। তারা সন্তানদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ চরিত্রে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।