বাংলাদেশ রেলওয়ের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। তিনি বাংলাদেশ রেলওয়ের রেলভবন, ঢাকায় দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তিনি যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) মামুনুল ইসলাম, পিইঞ্জকে মহাব্যবস্থাপক (পূর্ব) (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালন করবেন।
রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, এই বদলি-পদায়নের ফলে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের শীর্ষ প্রশাসনিক পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। বিশেষ করে চট্টগ্রামভিত্তিক পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক পদে নতুন দায়িত্ব পেলেন মামুনুল ইসলাম।