পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। পার্বত্য এলাকার তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের শিক্ষা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাঙামাটি সদর জোনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি।
প্রশিক্ষণে মোট ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন। এতে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালি তরুণ-তরুণীদেরও সম্পৃক্ত করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধানসহ দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, পাহাড়ি ও বাঙালি তরুণদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। তথ্যপ্রযুক্তির জ্ঞান ও দক্ষতা তরুণদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দক্ষতা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পার্বত্য চট্টগ্রামের তরুণদের এ দক্ষতার সঙ্গে সম্পৃক্ত করতে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা, সামাজিক সম্প্রীতি এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।