দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক দল নেত্রী রোকসানা করিম মিলির চিকিৎসার খোঁজ নিতে তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রমিক দল নেতৃবৃন্দ।
বুধবার (৭ অক্টোবর) অসুস্থ নেত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নিতে তার বাসায় উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর মঞ্জুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে রোকসানা করিম মিলি চলাফেরায় অক্ষম অবস্থায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এ সময় শ্রমিক দল নেতৃবৃন্দ তার বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা পদ্ধতি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পর্কে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।
নেতৃবৃন্দ তার সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি অসুস্থ নেত্রীর পাশে থাকার এবং চিকিৎসাসহ প্রয়োজনীয় বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রোকসানা করিম মিলির দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তার সুস্থতার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন।