মডেলিং ও অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত তাশদিক নমিরা আহমেদ। এবার নিজের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে চালু করতে যাচ্ছেন ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য এখানে বিভিন্ন ধারার নৃত্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন নমিরা। হাজারো প্রতিযোগীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে গ্র্যান্ড ফিনালেতে দ্বিতীয় রানারআপ হন তিনি। এরপর মডেলিং ও অভিনয়ে নিয়মিত কাজের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি অর্জন করেন।
নাচের প্রতি ভালোবাসা থেকে তিনি ভর্তি হন বুলবুল ললিতকলা একাডেমিতে। পরবর্তী সময়ে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এ নৃত্যশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এবার নিজেই গড়ে তুলছেন নৃত্যশিক্ষার প্রতিষ্ঠান।
নমিরার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’র কার্যক্রম শুরু হবে আগামী মাস থেকে। সপ্তাহের শুক্র ও শনিবার চলবে প্রশিক্ষণ কার্যক্রম। এরই মধ্যে ভর্তি নিবন্ধন শুরু হয়েছে। শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি এখানে মডার্ন, ফোক ও ফিউশনসহ বিভিন্ন ধারার নাচ শেখানো হবে।
নিজের এই উদ্যোগ প্রসঙ্গে তাশদিক নমিরা আহমেদ বলেন, ‘নিজের একটি ইনস্টিটিউশন গড়ে তোলার স্বপ্ন আমার অনেক দিনের। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এই একাডেমি শুধু ক্লাসিক্যাল নৃত্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে মডার্ন, ফোক, ফিউশনসহ বিভিন্ন ধারার নাচ শেখানোর ব্যবস্থা থাকবে।’
নমিরার মতে, নাচের প্রতি আগ্রহ থাকলেও অনেকের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ নেই। একসময় ছুটির দিনে শিশু-কিশোরদের নাচ, গান কিংবা ছবি আঁকার ক্লাসে অংশ নেওয়ার প্রবণতা ছিল। সময়ের সঙ্গে সেই চর্চা অনেকটাই কমে এসেছে। নৃত্যচর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তোলার ভাবনা থেকেই একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তিনি।
একাডেমিতে নৃত্য প্রশিক্ষণের পাশাপাশি এ বিষয়ে নিয়মিত পড়াশোনার সুযোগও থাকবে। কোর্স শেষে পরীক্ষা নেওয়া হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। শিশু-কিশোরদের পাশাপাশি যেকোনো বয়সী আগ্রহী মানুষ এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের নৃত্যচর্চাকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নমিরার প্রত্যাশা, ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’ নৃত্যশিক্ষার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এর মাধ্যমে নৃত্যচর্চার প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।