চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফরিন ফারজানা পিংকি। গত ১৯ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন তিনি। পরে গত ২৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আফরিন ফারজানা পিংকি ২০২৪ সালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি চন্দনাইশ উপজেলার ভূমি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রশাসন ক্যাডারে যোগদানের আগে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছেন। পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংকেও দায়িত্ব পালন করেন। বহুমুখী কর্মঅভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি সরকারি প্রশাসনে যোগ দেন।
আফরিন ফারজানা পিংকির গ্রামের বাড়ি ঢাকা। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জননী। চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দোহাজারী পৌরসভা ও বরমা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভূমি অফিসে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো, সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান।
এছাড়া সামাজিক অপরাধ ও জনসচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখার কথা জানিয়েছেন নতুন এই সহকারী কমিশনার (ভূমি)। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, ভেজালবিরোধী অভিযান, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন প্রয়োগ ও অপরাধ দমনে কাজ করবেন তিনি।
চন্দনাইশ উপজেলায় ভূমি প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনস্বার্থ, সামাজিক শৃঙ্খলা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আফরিন ফারজানা পিংকি। বিশেষ করে এসব কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
নতুন সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চন্দনাইশে ভূমি ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রমে আরও গতিশীলতা, স্বচ্ছতা এবং নাগরিকবান্ধব পরিবেশ তৈরি হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।