রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও সুপার এডিট করা ছবি-ভিডিও ছড়িয়ে মানহানি এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. এরশাদুল হক মন্ডল রাঙামাটি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।
২৫ নভেম্বর ২০২৬ তারিখে থানায় দেওয়া আবেদনে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন মোবাইল নম্বর ও মেসেঞ্জার ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাঁকে হয়রানি করে আসছে। চক্রটি তাঁর নামে অশ্লীল ও মিথ্যা ছবি-ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাঁকে নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছে।
আবেদনে উল্লেখ করা হয়, চক্রটির সদস্যরা তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। দাবিকৃত টাকা না দিলে তাঁর নামে তৈরি করা মিথ্যা ও সুপার এডিট করা ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আবেদনে ‘রাবেল’ নামের এক ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর দাবি, ওই ব্যক্তি সরাসরি যোগাযোগ না করে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে তাঁকে বারবার হয়রানি করছেন। তবে সন্দেহভাজন ব্যক্তির প্রকৃত পরিচয়, ঠিকানা ও ব্যবহৃত মোবাইল নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আবেদনে কয়েকটি মোবাইল নম্বর উল্লেখ করে অভিযোগ করা হয়, এসব নম্বর থেকে তাঁকে চাঁদা দাবির বার্তা ও হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর নামে অশ্লীল ও মিথ্যা ভিডিও-ছবি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতা ও মানসিক উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন।
আবেদনকারী বলেন, এ ধরনের কর্মকাণ্ড তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য অনুসন্ধানের মাধ্যমে চাঁদা দাবি, প্রতারণা, হুমকি এবং অপপ্রচারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করে ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।