শিরোনাম
হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সৈনিক নিহত; আহত কর্মকর্তা ঢাকায় লায়ন্স-লিও ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর ও চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত ৩০–৪০ বছর পর অবহেলিত রেলপথে বড় পুনর্বাসন উদ্যোগ রাঙামাটিতে কসমসের চতুর্থ তলায় ভয়াবহ আগুন, পুড়ল রুস্টপ রেস্টুরেন্ট সিজেকেএস সদস্য সচিবের কাছে খেলোয়াড়-সংগঠকদের আকুতি, কান্নায় ভেঙে পড়লেন ক্রীড়া সংগঠক রাঙামাটিতে বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার, ২০ লিটার চোলাই মদ উদ্ধার ফিজিওথেরাপির মানোন্নয়ন ও কাউন্সিল আইন বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি সন্দ্বীপে পুলিশ সদস্য অপহরণে গ্রেপ্তার এক, অভিযান অব্যাহত ডেভিড ইমনসহ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি, গ্রেপ্তার ৭ বটতলীতে ‘মাদককে না বলি’—মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ফিজিওথেরাপির মানোন্নয়ন ও কাউন্সিল আইন বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি

বার্তা টুডে ডেস্ক / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হৃদ্‌রোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং রোগ-পরবর্তী পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে চট্টগ্রামে বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ফিজিওথেরাপি পেশাজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসা ও পুনর্বাসনসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এ বছরের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য ছিল— “হৃদ্‌রোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কর্মকাণ্ডের ভূমিকা।”

র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস, চট্টগ্রামের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক দেব দুলাল ভৌমিক।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে হৃদ্‌রোগ ও স্ট্রোক মানুষের জন্য অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এসব রোগ প্রতিরোধের পাশাপাশি আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনে পুনর্বাসনের ক্ষেত্রে নিয়মিত শারীরিক কর্মকাণ্ড ও বৈজ্ঞানিক ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারা বলেন, স্ট্রোক বা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর অনেক রোগী চলাফেরা, ভারসাম্য, পেশিশক্তি ও দৈনন্দিন কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেন। প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে প্রয়োজনীয় থেরাপি ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণের মাধ্যমে এসব সমস্যা অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব। একই সঙ্গে নিয়মিত শারীরিক কর্মকাণ্ড ও সক্রিয় জীবনযাপন হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতেও সহায়ক।

বক্তারা আরও বলেন, দেশে ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবার চাহিদা দিন দিন বাড়ছে। দুর্ঘটনাজনিত আঘাত, স্ট্রোক, হৃদ্‌রোগ, মেরুদণ্ড ও অস্থিসন্ধির বিভিন্ন সমস্যা এবং শারীরিক প্রতিবন্ধকতাসহ নানা কারণে বিপুলসংখ্যক মানুষকে দীর্ঘমেয়াদি পুনর্বাসনসেবা নিতে হয়। ফলে আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় ফিজিওথেরাপিকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮-এর যথাযথ বাস্তবায়নের দাবি। বক্তারা বলেন, পুনর্বাসনসেবাকে একটি সুসংগঠিত ও মানসম্মত কাঠামোর মধ্যে আনতে এ আইন গুরুত্বপূর্ণ। আইনটি যথাযথভাবে বাস্তবায়িত হলে ফিজিওথেরাপিসহ পুনর্বাসন খাতের শিক্ষা, প্রশিক্ষণ, প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি ও অনুমোদন এবং পেশাজীবীদের নিবন্ধনের ক্ষেত্রে একটি কার্যকর কাঠামো তৈরি হবে। এর ফলে সাধারণ মানুষ আরও নিরাপদ ও মানসম্মত পুনর্বাসনসেবা পাওয়ার সুযোগ পাবেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিশ্ব ফিজিওথেরাপি দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়। এ দিবসের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা ও কার্যকারিতা তুলে ধরার পাশাপাশি একটি সুস্থ, কর্মক্ষম ও স্বনির্ভর জনগোষ্ঠী গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

তিনি ফিজিওথেরাপি পেশাজীবীদের নিবন্ধন, পেশাগত মান নিশ্চিতকরণ এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপিস্টদের যথাযথ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক দেব দুলাল ভৌমিক বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপি এখন একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু ব্যথা কমানোর চিকিৎসা নয়; বরং রোগ প্রতিরোধ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দুর্ঘটনা ও বিভিন্ন রোগের পর পুনর্বাসন এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা সৃষ্টি এবং পেশাটির মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস, চট্টগ্রামের সদস্য সচিব মো. শহিদ খান, মো. মিজানুর রহমান, মো. জাহেদুল ইসলাম, মো. ওয়াদিফ ওয়ালি ফারাবী, মো. খলিলুর রহমান, মো. এ. কে. এম. আজিজুল হক, মো. আহসান উদ্দিন, মো. শামীমা নাসরীন, মো. কামরুল হাসান ও শারমিন আবেদা রফিকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া চট্টগ্রামের বিভিন্ন ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন। স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের ব্যুরো প্রধান, সহ-সম্পাদক, সাংবাদিক ও প্রতিনিধিদের উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

আলোচনা সভায় হৃদ্‌রোগ ও স্ট্রোক প্রতিরোধে নিয়মিত ব্যায়াম, শারীরিকভাবে সক্রিয় থাকা, সুষম খাদ্যাভ্যাস এবং প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, “সুস্থ দেহ, সচল জীবন ও স্বনির্ভর সমাজ গঠনে ফিজিওথেরাপির বিকল্প নেই।” ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবার যথাযথ বিকাশের মাধ্যমে দেশের মানুষের স্বাস্থ্য ও জীবনমান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ