শিরোনাম
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি বিতর্কিত আবছার মেম্বারের কমিটির কার্যালয় উদ্বোধনে এমপি সরোয়ার জামান নিজাম?
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অর্জনের গৌরব, অপূর্ণ প্রত্যাশা ও আগামীর চ্যালেঞ্জ

মুত্তাকিন তাসিন চবি প্রতিনিধ / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ছয় দশকের পথচলা, গৌরবময় ইতিহাস, অসংখ্য অর্জন আর লাখো শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করা দেশের অন্যতম বৃহৎ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ৬০ বছর পূর্ণ করছে। এ উপলক্ষে আগামীকাল (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্‌যাপিত হবে হীরকজয়ন্তী উৎসব। এতে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছয় দশকের এই উদ্‌যাপনে একদিকে উঠে আসবে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অর্জন, অন্যদিকে সামনে আসবে শিক্ষার মান, আবাসন সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন।

প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষা, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়ের পরিসর, বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে ছয় দশকের পথচলায় অর্জনের পাশাপাশি কিছু মৌলিক সংকটও রয়ে গেছে। বিশেষ করে আবাসন সংকট, শিক্ষার গুণগত মান, গবেষণার সীমাবদ্ধতা, সেশনজট ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব নিয়ে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে রয়েছে হতাশা। ফলে হীরকজয়ন্তী শুধু অতীতের অর্জন উদ্‌যাপনের উপলক্ষ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও সীমাবদ্ধতা পর্যালোচনারও একটি গুরুত্বপূর্ণ সময়।

চাকসু নির্বাচন: শিক্ষার্থীদের প্রতিনিধিত্বে নতুন প্রত্যাশা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ২০২৫ সালের ১৫ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক নেতৃত্বের নতুন অধ্যায় সূচিত হয়। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের অধিকার, দাবি ও সমস্যা তুলে ধরার প্রাতিষ্ঠানিক ক্ষেত্র সীমিত ছিল। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
শিক্ষার্থীদের কাছে চাকসু কেবল একটি নির্বাচিত ছাত্র সংসদ নয়; বরং এটি গণতান্ত্রিক অধিকার চর্চা, নেতৃত্ব বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রশাসনের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম।

OBE কারিকুলাম: শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের সম্ভাবনা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া Outcome-Based Education (OBE) কারিকুলাম। প্রচলিত পাঠদান পদ্ধতির পাশাপাশি এই শিক্ষাক্রমে একজন শিক্ষার্থী নির্দিষ্ট কোর্স শেষে কী ধরনের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জন করবেন, তার ওপর গুরুত্ব দেওয়া হয়। আধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্য তৈরি এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে এ পদ্ধতিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে নতুন কারিকুলাম চালু করলেই শিক্ষার মান নিশ্চিত হবে না। এর কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাবরেটরি, নিয়মিত পাঠদান, ব্যবহারিক শিক্ষা, গবেষণার সুযোগ এবং যথাযথ মূল্যায়নব্যবস্থা। শিক্ষার্থীদের প্রত্যাশা, OBE যেন কেবল নীতিমালা ও পাঠ্যক্রমের পরিবর্তনে সীমাবদ্ধ না থাকে; বরং শ্রেণিকক্ষ থেকে শুরু করে গবেষণাগার পর্যন্ত এর বাস্তব প্রতিফলন ঘটে।
বিশেষ করে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সমস্যা সমাধান, যোগাযোগ, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশে এই শিক্ষাক্রম কতটা ভূমিকা রাখে, সেটিই হবে এর সফলতার অন্যতম মাপকাঠি।

আবাসন সংকট: ছয় দশকেও পূরণ হয়নি বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় এর বিস্তৃত ক্যাম্পাস ও আবাসিক শিক্ষাব্যবস্থা। তবে বাস্তবতা হলো, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসংখ্যার তুলনায় আবাসিক হলের আসনসংখ্যা সীমিত হওয়ায় বড় একটি অংশকে ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসা ও মেসে থাকতে হচ্ছে। এতে বাড়তি অর্থনৈতিক চাপের পাশাপাশি নিরাপত্তা, খাবার ও যাতায়াত নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই সংকট আরও বেশি চাপ তৈরি করছে। আবাসন সংকটের পাশাপাশি হলের খাবারের মান, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিয়েও রয়েছে অসন্তোষ। শিক্ষার্থীদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিকে সামনে রেখে আবাসন সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। নতুন হল নির্মাণের পাশাপাশি বিদ্যমান হলগুলোর সুযোগ-সুবিধা ও পরিবেশের উন্নয়ন করা হবে।

শিক্ষার মান ও গবেষণা: প্রত্যাশার সঙ্গে বাস্তবতার দূরত্ব
বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য জ্ঞান সৃষ্টি, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরি। ছয় দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখলেও আন্তর্জাতিক মানের গবেষণা, আধুনিক শিক্ষা ও কর্মমুখী দক্ষতা তৈরির ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে নিয়মিত পাঠদান নিশ্চিত করা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, আধুনিক ল্যাবরেটরি স্থাপন এবং গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থায়ন বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার সুযোগ তৈরি করা প্রয়োজন।
বিশেষ করে বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বরং বাস্তব দক্ষতা ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ চান শিক্ষার্থীরা। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের সুনাম কেবল এর আয়তন, প্রাকৃতিক সৌন্দর্য কিংবা ঐতিহাসিক অবস্থানের ওপর নির্ভর করে না; বরং শিক্ষার মান, গবেষণার পরিবেশ এবং গ্র্যাজুয়েটদের সক্ষমতার মধ্য দিয়েই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থান নির্ধারিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের ইতিহাসে প্রাক্তন শিক্ষার্থীদের অবদানও গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অনেকে দেশের প্রশাসন, রাজনীতি, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, ব্যবসা, সংস্কৃতি ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁদের কাছে বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; জীবনের গুরুত্বপূর্ণ সময়, বন্ধুত্ব, আন্দোলন, অভিজ্ঞতা ও অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি আবেগের জায়গা।

প্রাক্তন শিক্ষার্থীদের কাছে চবি: স্মৃতি, গৌরব ও ভবিষ্যতের প্রত্যাশা

হীরকজয়ন্তী উপলক্ষে ক্যাম্পাসে ফিরবেন বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের কাছে এই আয়োজন পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ এবং প্রিয় ক্যাম্পাসের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের উপলক্ষ। তবে স্মৃতিচারণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়েও তাঁদের প্রত্যাশা রয়েছে। তাঁদের মতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও অর্জনকে ধারণ করে শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থায় আরও কার্যকর পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, দক্ষতা ও সহযোগিতাকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
হীরকজয়ন্তী ঘিরে বর্ণাঢ্য আয়োজন
বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। এরপর শহীদ মিনার চত্বর থেকে অগ্রণী ব্যাংক মোড়, নিরাপত্তা স্তম্ভ মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ পর্যন্ত আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় কেক কাটা, ১১টায় আলোচনা সভা, দুপুর সাড়ে ১২টায় স্মৃতিচারণ এবং বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের পথচলায় অর্জন ও সীমাবদ্ধতা—দুটিই এখন আলোচনার কেন্দ্রে। চাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের নতুন সম্ভাবনা তৈরি করেছে, OBE কারিকুলাম শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের প্রত্যাশা জাগিয়েছে। অন্যদিকে আবাসন সংকট, গবেষণার সীমাবদ্ধতা ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন এখনো রয়ে গেছে।
হীরকজয়ন্তীর এই উদ্‌যাপনে তাই শুধু অতীতের সাফল্য স্মরণ নয়, বরং ভবিষ্যতের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের প্রত্যাশাও রয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রত্যাশা—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামী দিনে কেবল আয়তন ও ঐতিহ্যে নয়, শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের দিক থেকেও দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। ছয় দশকের অর্জনকে ভিত্তি করে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলাই হবে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পথচলার সবচেয়ে বড় পরীক্ষা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “হীরকজয়ন্তী শুধুমাত্র ৬০ বছরের একটি পূর্তি আয়োজন নয়। এটি আমাদের ইতিহাস ও অতীত নিয়ে আলোচনা, একই সঙ্গে বর্তমানকে তুলে ধরার একটি আয়োজন। হীরকজয়ন্তীর কার্যক্রম প্রায় গোছানো হয়ে গেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ