চট্টগ্রামভিত্তিক ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ আয়োজনের প্রথম প্রস্তুতি সভা গত ২৪ নভেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন ও পুরোনো প্রাক্তন শিক্ষার্থীদের অনেকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, প্রাণবন্ত আলোচনা ও নানা গঠনমূলক মতামতে সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় পুনর্মিলনী অনুষ্ঠানকে আরও পরিকল্পিত, অংশগ্রহণমূলক ও স্মরণীয় করে তুলতে সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে সাজানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে বিভিন্ন উপকমিটি পুনর্গঠন, সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং পাড়া ও ব্যাচভিত্তিক ছোট ছোট দলে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি আয়োজনের প্রস্তুতি আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
এ ছাড়া পুনর্মিলনী আয়োজনের আর্থিক ব্যবস্থাপনা ও প্রকাশনা কার্যক্রমকে গতিশীল করতে দ্রুততম সময়ের মধ্যে অর্থ উপকমিটি এবং ম্যাগাজিন উপকমিটি নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজনের বিভিন্ন দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং প্রস্তুতির অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপকমিটিগুলোকে সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়।
আয়োজক কমিটির সদস্য সচিব আনোয়ার হোছেন টিপু ও ম্যাগাজিন উপকমিটির সদস্য মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুনর্মিলনী আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব জসিমউদ্দীন।
সভায় মতামত ও পরামর্শ প্রদান করেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ, দাদা দ্বীপেন কুমার চৌধুরী, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎফল বড়ুয়া দিপু, সরকারি চাকরিজীবী রাজিব পালিত, ব্যাংক কর্মকর্তা আবদুল আজিজ, জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী রেজাউল করীম, ইমাম হোসেন এমু, নাজিম উদ্দিন, এন্টারটেইনার ও যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন মো. বাবর, কবি প্রতিনিধি সুলতান মাহমুদ, জেনজি প্রতিনিধি ও মুখপাত্র জাহিদুল ইসলাম এবং মুরব্বি শাহনেওয়াজ সিদ্দিকীসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার এই উদ্যোগ শুধু আনন্দ, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের আয়োজন নয়; বরং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক পুনর্গঠন, ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যতে সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিত ভূমিকা রাখারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই পুনর্মিলনী আয়োজনকে সফল করতে প্রত্যেকের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সভায় উপস্থিত সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুনর্মিলনী-২০২৭ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন-পুরোনো প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ, পরিকল্পিত প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটি স্মরণীয় পুনর্মিলনী উপহার দেওয়ার আশাবাদ নিয়ে সভার সমাপ্তি ঘটে।