রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার।

মৎস্য কর্মকর্তা তানভীর আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকি, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও খামারিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত বাংলাদেশের কৃষি অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার অন্যতম প্রধান চালিকাশক্তি। দুধ, মাংস, ডিম ও চামড়াজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ, মানসম্মত পশুখাদ্যের সহজলভ্যতা, নিয়মিত টিকাদান কর্মসূচি, দ্রুত ভেটেরিনারি চিকিৎসাসেবা এবং স্থিতিশীল বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পশুপাখির রোগবালাই মোকাবিলায় খামারিদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার করতে হবে। খামারিরা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান এবং কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।