চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাস্থ কমিউনিটি ক্লিনিক সমূহে উচ্চ রক্তচাপ (প্রেসার) রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। পাশাপাশি মাত্র ৩০ টাকার বিনিময়ে ডায়াবেটিস এর ফলোআপ সুবিধাও চালু রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলায় স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ১২টি কমিউনিটি ক্লিনিক কার্যক্রম পরিচালনা করছে। এসব ক্লিনিকে প্রশিক্ষিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা প্রতিদিন স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। এখানে বিনামূল্যে রক্তচাপ পরিমাপের পাশাপাশি উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের নিয়মিত ওষুধও সরবরাহ করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, উচ্চ রক্তচাপের রোগীদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মাধ্যমে রোগ নির্ণয় করে একটি নিবন্ধন বই সংগ্রহ করতে হবে। পরবর্তীতে ওই নিবন্ধন বই প্রদর্শনের মাধ্যমে রোগীরা নিজ নিজ এলাকার কমিউনিটি ক্লিনিক থেকে প্রতি মাসে নিয়মিত ওষুধ গ্রহণ করতে পারবেন।
এদিকে পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মোট চারটি ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার কার্যক্রম পরিচালনা করছে। এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা সপ্তাহে তিন দিন রোগী দেখেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করেন। সরবরাহ সাপেক্ষে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের ওষুধও বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা জানান, ডায়াবেটিস রোগীদের ফলোআপ কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে গ্লুকোমিটার মেশিন কেনা হয়েছে, তবে স্ট্রিপের জন্য কোনো সরকারি বরাদ্দ নেই। তাই কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্ট্রিপের মূল্য বাবদ রোগীদের ৩০ টাকা পরিশোধ করতে হচ্ছে। এই সকল সেবা চালু হওয়ায় পর প্রান্তিক পর্যায়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগী সনাক্তকরণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে রোগীদের নিয়মিত চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব হচ্ছে।
সরকারি স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে ডা. জেবুন্নেসা বলেন, অনেক মানুষ অপ্রয়োজনীয়ভাবে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অতিরিক্ত অর্থ ব্যয় করেন। অথচ সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সেবা বিনামূল্যে বা স্বল্প খরচে পাওয়া যায়। তাই সাধারণ মানুষের উচিত সরকারি স্বাস্থ্যসেবার সুযোগ সম্পর্কে সচেতন হওয়া এবং তা গ্রহণ করা।