আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম, তার হাতে সম্মাননা স্মারক ও নগদ পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চন্দনাইশ থানায় যোগদানের পর ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং তাদের মধ্যে কয়েকজনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়।
এ ছাড়া মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার, চোরাই সিএনজি উদ্ধারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করেছে চন্দনাইশ থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই তাকে চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, “এই অর্জন আমার একার নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এবং থানার প্রতিটি অফিসার ও ফোর্সের আন্তরিক পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। এ পুরস্কার আমাকে জনগণের সেবায় আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৫ মে চট্টগ্রাম জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি ওয়াচ অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে এস.এম দিদারুল ইসলাম সিকদার চন্দনাইশ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পরপরই মে মাসে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য আবারও জেলা পুলিশের বিশেষ পুরস্কার অর্জন করলেন তিনি।