রাজধানীর নিকেতনের এলিট কনভেনশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ ও স্টার অ্যাওয়ার্ড। শুক্রবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের তারকা, মডেল, অভিনেত্রী, ফ্যাশন ব্র্যান্ড ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশের ১৭টি ফ্যাশন হাউজের ব্র্যান্ড নিয়ে টেলিভিশন ও চলচ্চিত্রের তারকারা র্যাম্পে অংশগ্রহণ করেন। প্রতিটি ফ্যাশন হাউজের ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে উপস্থিত ছিলেন একঝাঁক মডেল, অভিনেত্রী ও ব্র্যান্ড প্রমোটর। তাদের অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে বর্ণিল ও আকর্ষণীয়।

সেলাই নিবেদিত ও কোরিয়ান মার্টের ব্যবস্থাপনায় এবং দিয়ামনি ই-কমিউনিকেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন স্টুডিও ভিসেজের কর্ণধার ও ফ্যাশন শো ডিরেক্টর সুমন হোসেন এবং মো. মনিরুজ্জামান অপূর্ব। ফ্যাশন শোগুলোতে কোরিওগ্রাফি করেন সৈয়দ রুমা। পাশাপাশি স্টাইলিস্ট ও ফ্যাশন ডিরেক্টর রাকিব বাবুও আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি এ তায়েব। উদ্বোধন করেন অতিথি লিমিটেডের পরিচালক লায়ন নূরনবী মৃধা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পান সুপারীর সিইও ও দিয়ামনি ই-কমিউনিকেশনের উপদেষ্টা কনা রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার রুহুল আমিন সিআইপি।
আয়োজকরা জানান, বাংলাদেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের একই মঞ্চে নিয়ে আসা এবং দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তোলার লক্ষ্যেই বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ও স্টার অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ফ্যাশন প্রদর্শনীর পাশাপাশি ফ্যাশন, বিনোদন ও অন্যান্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্টার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়।
আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ। তারকা, মডেল ও ফ্যাশন সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং দেশের ফ্যাশন অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা তুলে ধরে।