চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা অডিটরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে, নইলে সমাজে অরাজকতা সৃষ্টি হতে পারে। তিনি ভূমি সেবা, স্বাস্থ্যসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার আহ্বান জানান এবং দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানা ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।