চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি, গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বুধবার (২৪ জুন) রাতে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান রুবেল জানান, উত্তর ঢেমশার মাইজপাড়া এলাকায় তাঁর মায়ের মালিকানাধীন এম এস টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলার নির্মাণকাজ চলাকালে হঠাৎ করে অভিযুক্ত মো. জসিম সেখানে এসে কাজে বাধা দেন। কিছুক্ষণ পর মো. বাবুল ঘটনাস্থলে এসে নির্মাণাধীন দেয়ালের ক্ষয়ক্ষতি সাধন করেন এবং নির্মাণশ্রমিকদের লক্ষ্য করে ইট নিক্ষেপের চেষ্টা করেন।
তিনি বলেন, “ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমি তাদের বলি, জমি সংক্রান্ত কোনো অভিযোগ বা দাবি থাকলে তা আইনগতভাবে থানা কিংবা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে। অযথা নির্মাণকাজে বাধা দেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক নয়। এ সময় বাবুল ক্ষিপ্ত হয়ে আমাকে উদ্দেশ্য করে বলেন, ‘তোকে মেরে ফেলবো, দুনিয়াতে রাখবো না।’ উপস্থিত লোকজনের সামনেই তিনি এ ধরনের হুমকি দেন।”
রুবেল আরও জানান, তিনি অভিযুক্তদের তাদের বাবা গোলাম সোবহান মাস্টারের সঙ্গে চলমান জমি সংক্রান্ত বিরোধ আইনগত বা সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেন। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। তবে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২০ মে ২০২৬ তারিখে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করা হয়। পরবর্তীতে ২১ জুন ২০২৬ তারিখে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উভয় পক্ষকে বৈঠকে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত হননি।
এ বিষয়ে মিজানুর রহমান রুবেল বলেন, “জমি নিয়ে বিরোধ থাকতে পারে, মামলা-মোকদ্দমা হতে পারে কিংবা আলোচনার মাধ্যমে সমাধানও হতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই কাউকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”