চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের ২৩ সদস্যকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে সার পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোট।
শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় ২৩ জন পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।
পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় কোস্ট গার্ডের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
জব্দ করা সারগুলোর মোট ওজন প্রায় ২২ হাজার ৫০০ কেজি। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, কার্গো বোট এবং আটক ২৩ ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের জলসীমায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।