পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, কর্মসূচিটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য লাল জারলম বম, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা এবং নকশাকার থোয়াইচমং।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের ইতিবাচক মনোভাব গড়ে তুলতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।