নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচির আওতায় চট্টগ্রামে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ বুটক্যাম্প শুরু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত ‘Public-Private Partnerships Project Development Bootcamp’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ।
চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণে চট্টগ্রাম ওয়াসার ২০ জন প্রকৌশলী অংশ নিচ্ছেন। বৃহত্তর বাংলাদেশ-নেদারল্যান্ডস অংশীদারিত্বের অংশ হিসেবে ‘Flowing Forward Program Bangladesh’-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচিটি ‘Partners for Water’ এবং Kingdom of the Netherlands-এর দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
চট্টগ্রামের ক্রমবর্ধমান নগরায়ণের সঙ্গে নির্ভরযোগ্য ও টেকসই পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সেবার চাহিদাও বাড়ছে। এ চাহিদা পূরণে শুধু কারিগরি সমাধানই যথেষ্ট নয়; প্রয়োজন আর্থিক ও বাণিজ্যিকভাবে সম্ভাবনাময়, সাশ্রয়ী এবং সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।
প্রশিক্ষণে বলা হয়, পিপিপি দক্ষতা, অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি পরিচালন সক্ষমতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করতে পারে। তবে প্রতিটি প্রকল্পের জন্য পিপিপি উপযুক্ত সমাধান নয়। প্রকল্পের সফলতা নির্ভর করে যথাযথ প্রকল্প মূল্যায়ন, ঝুঁকির সঠিক বণ্টন, বিশ্বাসযোগ্য পরিশোধ ব্যবস্থা, সুস্পষ্ট কর্মদক্ষতার শর্ত এবং সরকারি-বেসরকারি অংশীদারদের কার্যকর সহযোগিতার ওপর।
বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের ব্যবহারিক অনুশীলন, দরকষাকষি ও আলোচনা কার্যক্রমের মাধ্যমে পিপিপি প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হবে।
প্রশিক্ষণটি পরিচালনা করছেন নেদারল্যান্ডসের Delfluent Services-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক বরিস নিফইয়েস (Boris Neefjes) এবং Infrastructure Investment Facilitation Company-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। চট্টগ্রাম ওয়াসার পক্ষে কার্যক্রমটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন।
উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এ সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা চট্টগ্রাম ওয়াসার চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে কীভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে সহযোগিতা অপরিহার্য। সর্বোত্তম চর্চা ও অর্জিত শিক্ষা বিনিময়ের মাধ্যমে দুই প্রতিষ্ঠান আরও শক্তিশালী পিপিপি প্রকল্প গড়ে তুলতে পারে, যা চট্টগ্রামের জনগণের পানি ও পয়ঃনিষ্কাশন সেবার চাহিদা পূরণে সহায়ক হবে।
নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন খাতে টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।