সাড়ে তিন বছর বয়সে নাচ শেখার মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে পা রাখেন সোনিয়া লাজুক। শৈশবের সেই নাচের চর্চাই ধীরে ধীরে তাকে নিয়ে এসেছে অভিনয়, মডেলিং ও উপস্থাপনার জগতে। বর্তমানে তিন মাধ্যমেই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তরুণী।
মানিকগঞ্জে বেড়ে ওঠা সোনিয়ার পড়াশোনাও সেখানেই। প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষাজীবনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। নিয়মিত নাচের চর্চা ও মঞ্চে কাজের অভিজ্ঞতা তাকে ক্যামেরার সামনেও আত্মবিশ্বাসী করে তোলে।

অভিনয়ে এরই মধ্যে কয়েকটি নাটকে কাজ করেছেন সোনিয়া। চট্টগ্রাম বিটিভির ‘এই বাড়ির বউ’ ও এনটিভির ‘যে চোখে আলো নেই’ নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘হেনা এখন ভাইরাল বউ’সহ আরও কয়েকটি নাটকে দেখা গেছে তাকে।
ছোট পর্দার পর এবার বড় পর্দাতেও যাত্রা শুরু হয়েছে সোনিয়ার। রফিকুল ইসলাম খান পরিচালিত ‘আমি নায়িকা হবো’ সিনেমার শুটিং চলছে। একই পরিচালকের ‘নয়নের মালা’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। চলচ্চিত্রে নিজের কাজ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফটোশুট করছেন সোনিয়া। উপস্থাপনাতেও রয়েছে তার ব্যস্ততা। ‘বৈঠকখানা’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালন করছেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনায়ও নিজেকে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
নাচ দিয়ে শুরু হওয়া সোনিয়া লাজুকের পথচলায় এখন যুক্ত হয়েছে অভিনয় ও উপস্থাপনার নতুন অধ্যায়। কাজের মাধ্যমে নিজের দক্ষতা আরও বিকশিত করে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করতে চান তিনি। ভালো কাজের ধারাবাহিকতাই তার আগামীর পথচলার মূল লক্ষ্য।