দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ৭ নম্বর ষোলশহর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
বায়েজিদের টেক্সটাইল এলাকা থেকে বের হওয়া মিছিলটিতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাইগারপাস মোড়ে গিয়ে অন্যান্য নেতাকর্মীদের কর্মসূচির সঙ্গে যুক্ত হয়। এ সময় সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার প্রতিবাদ এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, দুপুর থেকেই নগরীর ৪১টি ওয়ার্ড থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে টাইগারপাস এলাকায় জড়ো হতে থাকেন।
এর আগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “৭১ ও ২৪-এর পরাজিত শক্তি মাঝে মাঝে একই সুরে কথা বলছে। তারা সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশে নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে।”
তিনি বলেন, “৭১-এর পরাজিত শক্তির মিছিল-মিটিংয়ে ২৪-এর পরাজিত দলের পদধারীদের দেখা যাচ্ছে। আমাদের প্রশ্ন—আবারও কি স্বাধীনতার বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে এই দুই পরাজিত শক্তি এক হচ্ছে? যদি তাই হয়, তবে তা হবে গত ১৭ বছরের গুম, খুন ও শহীদের রক্তের সঙ্গে চরম বেইমানি। জনগণ এদের কখনোই ক্ষমা করবে না।”
বিরোধী দলের অবস্থানের সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, “বিরোধী দলের মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদধারীদের দেখা যাচ্ছে। এক পক্ষ বলছে তারা ডিসেম্বরে দেশে ফিরবে, আর অপর পক্ষ বলছে তারা ডিসেম্বরে সরকার পতন ঘটাবে। এরা জাতীয়তাবাদ ও জুলাইয়ের শহীদদের সঙ্গে বেইমানি করতে এক হয়েছে কি না—তা এখন বড় প্রশ্ন। সংসদ ও রাজপথে বিরোধী দলের দ্বিমুখী অবস্থান কাম্য নয়।”
সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, সহ-সভাপতি সাহেদ আকবরসহ মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।