শিরোনাম
জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই: চেয়ারম্যান শাহ আলম বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুমোদনহীন রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির তড়িঘড়ি, তিন দিনে প্রতিবেদন দিতে জুনিয়র কর্মকর্তাদের কমিটি চবি আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি হাসিব, সম্পাদক নাজমুল মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভিসা জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন গন্তব্য গুয়াংজু লোহাগাড়ায় এনসিপি’র নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও বর্ণাঢ্য র‍্যালি সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০ শীলকূপে উৎসবমুখর পরিবেশে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দুবাইয়ে চট্টগ্রাম ক্লাব ইউএই’র সূচনা: আবু সুফিয়ান ও এনামুল হক এমপির উপস্থিতিতে কমিটি ঘোষণা মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) দুপুরে দোহাজারী সদর এলাকার হাজারী শপিং সেন্টারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১৫০টি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের ব্যানারে তিন হাজারের বেশি মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে প্রায় আধা ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে দোহাজারী-সাঙ্গু উপজেলা ও থানা বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা।

দোহাজারী সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতা ও প্রশাসনের সহযোগিতায় অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক মেয়র লোকমান হাকিম, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, নাগরিক কমিটির সভাপতি আলী আকবর, সহসভাপতি জায়নুল আবেদীন, খাগরিয়ার বাসিন্দা এম এ হেলাল ডিলার, মোহাম্মদ ইউনুছ, দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, দোহাজারী বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দীন, বিএনপির আহ্বায়ক ইফতিয়ার উদ্দীন সুমন, নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, জামাল উদ্দীন, আবদুল গফুর রব্বানী, মনসফ আলী ও মোহাম্মদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।

কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সংহতি প্রকাশ করে দোহাজারী হাজারী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতি, দোহাজারী সংবাদপত্র এজেন্ট ও স্টার আর্ট পরিবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহাজারী পৌরসভা শাখা, শিকড় সামাজিক সংগঠন, দোহাজারী বেগবাড়ি, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন, প্রবাসী ঐক্য পরিষদ, ইসলামী ছাত্রসেনা, ব্লাড ব্যাংক, বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন এবং স্থানীয় বিভিন্ন মার্কেট, ব্যবসায়ী সমিতি, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। আয়োজকদের দাবি, এ কর্মসূচিতে প্রায় ১৫০টি সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম-১৪ আসনের সাতকানিয়া অংশের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগে দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তাঁদের দাবি, নিকার অনুমোদনপ্রাপ্ত আটটি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু উপজেলা বা থানা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলে তাঁরা তা মেনে নেবেন না।

বক্তারা আরও বলেন, দোহাজারীর রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও বাণিজ্যিক গুরুত্ব। প্রশাসনিক কাঠামো গঠনের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। দোহাজারীকে বাদ দিয়ে কোনো প্রশাসনিক কাঠামো গঠন করা হলে তা এলাকার মানুষের প্রত্যাশার পরিপন্থী হবে বলেও তাঁরা মন্তব্য করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ ও সরকারের প্রতি দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। তাঁরা বলেন, দোহাজারীর মানুষ দীর্ঘদিন ধরে উপজেলা ও থানা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। এ দাবিকে উপেক্ষা করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ আধা ঘণ্টা সড়ক অবরোধ দেখিয়েছি। দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ চট্টগ্রাম অবরোধ করা হবে।”

কর্মসূচি থেকে দোহাজারী-সাঙ্গু উপজেলা ও থানা বাস্তবায়নের দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ