চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদক সেবন ও আবাসিক শিক্ষকদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার (২১ নভেম্বর) শহীদ ফরহাদ হোসেন হলের ফটকে হলের আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
হল সংসদের সাবেক ভিপি মো. শরিফুল ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলে মাদকের বিস্তার এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকাল মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে এসে দু’জন হাউজ টিউটর এবং সহকারী প্রক্টর হেনস্তার স্বীকার হন। আমরা প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এরআগে, শুক্রবার রাতে শহীদ ফরহাদ হোসেন হলের একটি কক্ষ থেকে মাদকসহ আটজনকে শনাক্ত করা হয়। এ সময় আরেকটি কক্ষে ২ জন শিক্ষার্থী দুইজন হাউস টিউটরকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে।