শিরোনাম
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী-২০২৭ এর প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হীরকজয়ন্তীর ম্যাগাজিনে চাকসুর পঞ্চম ক্যাবিনেট বাদ, তদন্ত কমিটি গঠন চবির অতীশ দীপঙ্কর হলে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ চিকিৎসার জন্য বিদেশ সফরকে ‘পালিয়ে যাওয়া’ বলে অপপ্রচার রাজনৈতিক হীনমন্যতার বহিঃপ্রকাশ: রাউজান উপজেলা বিএনপি ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস গড়ার প্রত্যয় হাটহাজারীতে ত্রিপুরা পাড়ায় আশার উদ্যোগে ২০০ কম্বল বিতরণ ওয়াসিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রেলপথ মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে সরবরাহকারীদের সংবাদ সম্মেলন স্থগিত লোহাগাড়ায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত, পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি বিতর্কিত আবছার মেম্বারের কমিটির কার্যালয় উদ্বোধনে এমপি সরোয়ার জামান নিজাম?
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

চার হাজার টাকার আপ্যায়ন, পাঁচ হাজার টাকার ভালোবাসা—কুতুবদিয়ার এক মানবিক গল্প

তদন্ত কর্মকর্তা শেখ মাসুদ রানার পুলিশ জীবনের এক অনন্য প্রাপ্তি / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

একটি হত্যা চেষ্টার মামলার তদন্ত করতে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তা শেখ মাসুদ রানা। মামলাটি ছিল বেশ জটিল। থানা পুলিশ তদন্ত শেষে আসামিদের নির্দোষ উল্লেখ করে আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেছিল। ভিকটিমকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বাদী পক্ষ ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে পুনঃতদন্তের নির্দেশ দেন। মামলাটির তদন্তভার এসে পড়ে শেখ মাসুদ রানার ওপর।

মামলার অভিযোগ ছিল, ভিকটিমের শ্বশুর ও শালারা মিলে তাকে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যার চেষ্টা করেছিলেন। অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনে সরেজমিনে তদন্তের জন্য কুতুবদিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ঘটনাস্থলে যাওয়ার আগে মামলার বাদিকে ফোন করে জানতে চান, তাদের এলাকায় কোনো হোটেল আছে কি না। বাদি জানান, সেখানে হোটেল নেই। তখন তদন্ত কর্মকর্তা তাকে দুপুরের খাবারের ব্যবস্থা করতে বলেন। বাদি খুশি মনে সম্মতি জানান। সাগরপথে কুতুবদিয়া যাওয়ার কথা শুনে তার ঘনিষ্ঠ পুলিশ ইন্সপেক্টর কায়সারও সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। একসময় তারা স্পিডবোটে চড়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা হন।

দ্বীপে পৌঁছানোর পর মামলার বাদি প্রথমে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইলে তারা জানান, আগে ঘটনাস্থল পরিদর্শন করবেন। যে জায়গায় ভিকটিমের সঙ্গে আসামিদের মারামারি এবং বিষ খাওয়ানোর ঘটনা ঘটেছিল, সেখানে গিয়ে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। ঘটনার পারিপার্শ্বিকতা পর্যবেক্ষণ, প্রাথমিক অনুসন্ধান ও সাক্ষীদের বক্তব্য নেওয়ার মাধ্যমে তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে থাকেন। তদন্তের একপর্যায়ে তাদের মনে হয়, ভিকটিমের সঙ্গে সত্যিই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল এবং অভিযোগের পেছনে বাস্তব কোনো ঘটনা রয়েছে, যা আরও গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন।

তদন্ত শেষে দুপুরের খাবারের সময় হলে তারা মামলার বাদির বাড়িতে যান। বাড়িটি দেখে দুজনেরই মন খারাপ হয়ে যায়। এতটাই দরিদ্র পরিবার যে, নব্বইয়ের দশকের সিনেমায় দেখা বাঁশের বেড়া দেওয়া কুঁড়েঘরের মতো তাদের বসতঘর। ঘরের উচ্চতা এত কম যে মাথা নিচু করে ভেতরে ঢুকতে হয়। চারদিকে বাঁশের বেড়া, ওপরে খড়ের চাল। খড়গুলো এত পুরোনো যে তার ওপর ঘাস জন্মেছে। ঘরের ভেতরে একটি চৌকি, তাতে কোনো তোষক নেই, বিছানো শুধু একটি কাঁথা।

ঘরটির অবস্থা দেখে শেখ মাসুদ রানা নিজের কাছেই খুব লজ্জিত বোধ করছিলেন। মনে মনে ভাবছিলেন, কেন লোকটিকে খাবারের আয়োজন করতে বললেন! এত অভাব-অনটনের মধ্যে থাকা মানুষটিকে এভাবে বিব্রত করা কি ঠিক হলো? সঙ্গে থাকা ইন্সপেক্টর কায়সার স্যার আর তিনি একে অপরের দিকে তাকাচ্ছিলেন। তাদের চোখেমুখে তখন বিস্ময় আর সংকোচ।

এরপর তাদের একটি কাঠের ডাইনিং টেবিলে বসানো হলো। চারপাশে প্লাস্টিকের চেয়ার। একে একে খাবার পরিবেশন শুরু হলো। আর খাবার আসতে থাকলে তাদের বিস্ময়ও বাড়তে থাকল। ইলিশ মাছের তিন পদ—ভাজা, ভুনা ও সর্ষে ইলিশ। দেশি মুরগির দুই পদ—ভুনা ও আলু দিয়ে ঝোল। গরুর মাংসের দুই পদ—ভুনা ও আলু দিয়ে ঝোল। সঙ্গে সাগরের বায়লা মাছ, চিংড়ি, কোরাল মাছ। আরও ছিল পোলাওয়ের চাল ও নারকেল দিয়ে তৈরি বিশেষ ধরনের ভাত—চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যাকে ‘বিন্নি ভাত’ বলা হয়।

এত দরিদ্র একটি পরিবারের এমন আয়োজন দেখে তারা দুজনই বাকরুদ্ধ হয়ে গেলেন। শেখ মাসুদ রানা স্মৃতিচারণ করে বলেন, অনেক বড় মানুষের বাড়িতেও এমন আপ্যায়ন দেখেননি। ইন্সপেক্টর কায়সার স্যার তার কানে কানে বললেন, ‘মাসুদ, যাওয়ার সময় লোকটিকে কিছু টাকা দিয়ে যাব। জীবনে এমন আয়োজন দেখিনি।’

তিনি সাধারণত খুব বেশি খাবার খেতে পারেন না। কিন্তু সেদিন মানুষটির আন্তরিকতা ও ভালোবাসার সম্মান রাখতে সব পদ থেকেই অল্প অল্প করে খেয়েছিলেন। মায়ের রান্নার পর জীবনে এত তৃপ্তি নিয়ে খাবার খেয়েছেন কি না, মনে করতে পারছিলেন না।

খাওয়া শেষে তিনি পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে লোকটিকে দিতে চাইলেন। কিন্তু বিপত্তি হলো, লোকটিও হাতে কিছু টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন তাকে দেবেন বলে! শেখ মাসুদ রানা তার টাকা নিতে রাজি নন, বরং তাকে কিছু টাকা দিয়ে আসতে চান। কিন্তু বাদি নাছোড়বান্দা। কোনোভাবেই টাকা নিতে রাজি হচ্ছেন না। জোর করে তার পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

শেষ পর্যন্ত তার স্কুলপড়ুয়া ছেলেকে কাছে ডাকলেন। নিজের হাতে থাকা পাঁচ হাজার টাকা ছেলেটির হাতে দিয়ে বললেন, ‘এটা আমি আপনাকে দিইনি, আপনার ছেলের পড়াশোনার জন্য দিয়েছি।’ এ কথা বলার পর লোকটি আর বাধা দিতে পারলেন না। অফিসে ফিরে তিনি জানতে পারেন, লোকটি তাদের জন্য চার হাজার টাকা রেখেছিলেন। এত অভাবের মধ্যেও অতিথি আপ্যায়ন করতে গিয়ে নিজের সামর্থ্যের বাইরে চলে গিয়েছিলেন হয়তো। তার সেই আন্তরিকতা শেখ মাসুদ রানাকে গভীরভাবে নাড়া দিয়েছিল।

কুতুবদিয়া থেকে ফিরে তদন্তের গুরুত্বপূর্ণ অংশ ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভিকটিমের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করা। রিপোর্টের জন্য শুরু হলো আরেক ধরনের যুদ্ধ—যে যুদ্ধের অভিজ্ঞতা পুলিশ কর্মকর্তাদের অনেকেরই আছে। শেখ মাসুদ রানা নিজে কক্সবাজার থেকে দুইবার চট্টগ্রামে এলেন। আরও দুইবার লোক পাঠালেন। কিন্তু মেডিকেল রিপোর্ট পাওয়া যাচ্ছিল না।

অবশেষে একদিন আবার চট্টগ্রামে এসে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে নানা টেবিলে ঘুরতে হলো। একজন আনসার সদস্যকে কিছু বখশিশ দিলেন, এরপর নিজেই এক টেবিল থেকে অন্য টেবিলে গেলেন। আরেকটি টেবিলে টাকা দেওয়ার পর অবশেষে হাতে পেলেন সেই মেডিকেল রিপোর্ট। রিপোর্টের সারাংশ ছিল—ভিকটিমের পেটে বিষের অস্তিত্ব পাওয়া গেছে। এই একটি তথ্য তদন্তের মোড় ঘুরিয়ে দিল। এরপর আসামিদের বিরুদ্ধে আরও পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে দীর্ঘদিন পর তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্ত শেষ করতে বিলম্ব হয়েছিল মূলত মেডিকেল রিপোর্ট সংগ্রহের দীর্ঘসূত্রতার কারণে।

আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার পর একদিন মামলার বাদি, ভিকটিমের বাবা, কুতুবদিয়া থেকে ছয়টি তাজা ইলিশ মাছ নিয়ে সরাসরি শেখ মাসুদ রানার বাসায় চলে আসেন। বিচার পাওয়ার আশায় দীর্ঘদিন অপেক্ষা করা একজন মানুষের মুখে সেদিন যে আনন্দ দেখেছিলেন, তা তাকে ভীষণভাবে আনন্দিত করেছিল। তার চোখেমুখে ছিল কৃতজ্ঞতা, স্বস্তি আর আশার আলো।

কক্সবাজারের মানুষ জানেন, কুতুবদিয়া থেকে যাওয়া-আসায় প্রায় পুরো একটি দিন চলে যায়। সেই মানুষটি শুধু শেখ মাসুদ রানাকে তাজা ইলিশ খাওয়ানোর জন্য তার একটি দিন ব্যয় করেছেন। তার এই ভালোবাসা, আন্তরিকতা ও কৃতজ্ঞতার প্রকাশ কোনো অর্থমূল্যে পরিমাপ করা সম্ভব নয়।

পুলিশের চাকরিতে অনেক মামলা, অনেক তদন্ত, অনেক অভিযোগ আর নানা ধরনের অভিজ্ঞতা আসে। কিন্তু সব অভিজ্ঞতা এক রকম নয়। কিছু ঘটনা পেশাগত দায়িত্বের বাইরেও হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। কুতুবদিয়ার সেই দরিদ্র মানুষটির ছোট্ট ঘর, তার সামর্থ্যের বাইরে করা খাবারের আয়োজন, টাকা নিতে না চাওয়া, ছেলের হাতে টাকা তুলে দেওয়া এবং পরবর্তীতে ছয়টি তাজা ইলিশ নিয়ে বাসায় চলে আসা—সবকিছু আজও শেখ মাসুদ রানার স্মৃতিতে অমলিন।

একজন তদন্তকারী হিসেবে মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করাই ছিল তার দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে যে মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও কৃতজ্ঞতা পেয়েছেন, সেটিই তার পুলিশ জীবনের এক বিরাট প্রাপ্তি। মানুষের ভালোবাসা, বিশ্বাস আর কৃতজ্ঞতাই হয়তো একজন পুলিশ কর্মকর্তার জীবনের সবচেয়ে বড় অর্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ