আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম ওয়াটারফল-এর ২০২৬–২০২৭ রোটাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ৯ম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও সংগঠক রোটারেক্টর নীলয় মুৎসুদ্দি রনি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোটারেক্টর উম্মে সাইবা চাঁদনী।
গত ৩০ জুন ক্লাবের প্রতিষ্ঠাতা, সদ্য বিদায়ী ও সাবেক সভাপতিদের যৌথ নীতিনির্ধারণী সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম সবুজ এবং সাবেক সভাপতি যিশু মিত্র, মোহাম্মদ মাইনুল হাসান, জান্নাতুল ফেরদৌস তাসরি, আজহার উদ্দীন চৌধুরী আজাদ, সাকিব খান ও নাজমুল হাসান শিকদার। তারা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি নীলয় মুৎসুদ্দি রনি বলেন, ৯ম সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য গর্বের পাশাপাশি বড় দায়িত্ব। এবারের রোটাবর্ষের প্রতিপাদ্য “Together We Lead, Together We Grow, Together We Serve” উল্লেখ করে তিনি বলেন, নিয়মতান্ত্রিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচারের মূল্যবোধকে ধারণ করে তিনি ক্লাব পরিচালনা করবেন।
তিনি জানান, আগামী এক বছরে ক্লাবের সাংগঠনিক সংস্কার, ডিজিটাল রূপান্তর, সদস্যদের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সমাজসেবা, নেতৃত্ব বিকাশ এবং টেকসই সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তরুণদের জন্য কার্যকর একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক উম্মে সাইবা চাঁদনী বলেন, সভাপতির নেতৃত্বে একটি ইতিবাচক, অংশগ্রহণমূলক ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাঁর মতে, শক্তিশালী দলগত কাজই আগামী রোটাবর্ষে ক্লাবের সাফল্যের মূল ভিত্তি হবে।
এদিকে, সাবেক সভাপতি সাকিব খান নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নীলয় মুৎসুদ্দি রনি ও উম্মে সাইবা চাঁদনী দু’জনই মেধাবী, দায়িত্বশীল ও উদ্ভাবনী নেতৃত্বের অধিকারী। তাদের নেতৃত্বে ক্লাবটি জেলা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও অনুকরণীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই নতুন কমিটি একটি ‘১০০ দিনের কর্মপরিকল্পনা’ (100-Day Action Plan) ঘোষণা করেছে। এ পরিকল্পনার আওতায় ডিজিটাল সদস্য ডাটাবেজ তৈরি, নেতৃত্ব উন্নয়নমূলক পডকাস্ট সিরিজ, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, নারী নেতৃত্ব বিকাশ কর্মসূচি, উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর ক্লাব ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হবে।
নবনির্বাচিত কমিটির লক্ষ্য হচ্ছে সেবা, নেতৃত্ব, উদ্ভাবন ও পেশাদারিত্বের সমন্বয়ে রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম ওয়াটারফল-কে একটি আধুনিক, কার্যকর এবং জাতীয়ভাবে অনুকরণীয় যুব সংগঠন হিসেবে গড়ে তোলা।