সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের আলিম, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের লাখো শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রস্তুতির পর এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি রয়েছে প্রত্যাশা ও দোয়ার আবহ।
এ উপলক্ষে দেশের সকল পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানিয়েছে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।
সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন এবং ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, “মহান আল্লাহ তাআলা যেন সকল পরীক্ষার্থীকে সুস্থতা, ধৈর্য, আত্মবিশ্বাস ও সঠিকভাবে পরীক্ষায় অংশগ্রহণের তাওফিক দান করেন। তারা যেন নিজেদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করতে পারে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হয়।”
বার্তায় আরও বলা হয়, “দুনিয়ার এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেমন আল্লাহ তাআলা সকলকে সফলতা দান করুন, তেমনি আখেরাতের চূড়ান্ত পরীক্ষাতেও যেন ঈমান, আমল ও তাকওয়ার মাধ্যমে সফল ও উত্তীর্ণ হওয়ার তাওফিক নসিব করেন। আল্লাহ তাআলা যেন প্রতিটি শিক্ষার্থীর জীবনকে কল্যাণময়, জ্ঞানসমৃদ্ধ ও মানবতার সেবায় নিবেদিত করে দেন।”
সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, শিক্ষা শুধু ভালো ফল অর্জনের জন্য নয়; বরং নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক জীবন গঠনের অন্যতম ভিত্তি। তাই তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি অভিভাবক, শিক্ষক এবং দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতে হবে এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, যাতে তারা সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।
সবশেষে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে ২০২৬ সালের আলিম, এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সর্বোচ্চ সফলতা এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করা হয়।